ইরাকের রাজধানী বাগদাদে চলতি সপ্তাহের শুরুতে অপহৃত জার্মান নাগরিক হেল্লা মেইয়িসকে উদ্ধার করেছে ইরাকি নিরাপত্তা বাহিনী।
শুক্রবার এক বিবৃতিতে ইরাকি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া রসুল জানান, মেইয়িসকে সফলভাবে উদ্ধার করা হয়েছে এবং তিনি এখন সুরক্ষিত আছেন। তবে অভিযানের বিস্তারিত তথ্য তিনি প্রকাশ করেননি।
উল্লেখ্য, মেইয়িস দীর্ঘদিন ধরে বাগদাদে বসবাস করছিলেন এবং স্থানীয় তরুণ শিল্পীদের প্রচারণার লক্ষ্যে গঠিত 'বায়ত তরকিব' নামক একটি সংস্থার সাথে যুক্ত ছিলেন। সোমবার তার অফিস থেকে সাইকেলে করে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে অপহরণ করে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, সাদা রঙের একটি পিক-আপ ভ্যানসহ দুটি গাড়িতে করে আসা কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি মেইয়িসকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
মেইয়িসের ঘনিষ্ঠজনরা জানান, গত বছর ইরাকি পন্ডিত হিশাম আল-হাশেমির হত্যাকাণ্ডের পর থেকেই তিনি নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন।
উল্লেখ্য, দুর্নীতি, বেকারত্ব এবং অর্থনৈতিক সংকটের প্রতিবাদে ইরাকে গত বছর ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই বিক্ষোভের সময় কয়েক ডজন বিক্ষোভকারী নিখোঁজ হন। যদিও প্রতিবেদনে অপহরণকারীদের নাম উল্লেখ করা হয়নি, তবে অপহরণের ঘটনায় 'প্রভাবশালী মহলের' হাত থাকতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
